মোঃ শরিফুল আলম: ইনকিলাব মঞ্চ ব্রাডফোর্ড ব্রাঞ্চের উদ্যোগে গত ৭ জানুয়ারী বুধবার স্থানীয় কুইন্স হাউস কমিউনিটি সেন্টারে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবীতে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চ ব্রাডফোর্ড ব্রাঞ্চের সম্মানিত আহবায়ক শহীদুল হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চ ব্রাডফোর্ড ব্রাঞ্চের অন্যতম সংগঠক জনাব এখলাছুর রহমান এর বক্তব্য দিয়ে সভার মূল পর্ব শুরু হয়। জনাব রহমান তার বক্তব্যে ওসমান হাদীর হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে না পারায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি আরো উল্লেখ করেন যে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে ঘাতকরা নাকি ভারতে পালিয়ে গেছে। আমাদের প্রশ্ন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা কিভাবে ভারতে পালিয়ে গেল। নাকি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদেরকে পালাতে সহযোগিতা করেছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে অবিলম্বে তদন্ত করে দেখতে হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব গাছ খান, আনোয়ার আলী জিতু, আলী আশরাফ, মুজিবুর রহমান, মুন্সির চৌধুরী, সাংবাদিক সারোয়ার হোসেন সুজন সহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকল বক্তাই ওসমান হাদীর এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বক্তারা ওসমান হাদীর পরিবারের সকল প্রকার ভরন পোষনের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নেয়ার জন্য দাবী তোলেন। তাছাড়া, বক্তারা জুলাই আন্দোলনে ওসমান হাদীর অবদান এবং একটি সুস্থ, সুন্দর এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকার কথা সকলে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সবশেষে তাঁর রূহের মাগফিরাত কামনা করে এক সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সভার কাজের সমাপ্তি ঘোষনা করা হয়।
