বিএনপি নেতা নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া

বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ও তাদের পোষা আইন-শৃঙ্খলা বাহিনীর সীমাহীন অন্যায়, জুলাই আন্দোলনকারীদের হত্যা, অবিচার, অপকর্ম ও দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন দোয়ারাবাজার উপজেলাধীন পাণ্ডার গাঁও ইউনিয়ন বিএনপি নেতা মো. রাকিব আলী। তিনি গত ২০ জুলাই ২০২৪ ইং তারিখে উনার বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে রওয়ানা হয়ে আর ফিরে আসেননি। আত্নীয়-স্বজনের ঘরবাড়িসহ সকল সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরেও আজ পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে ৪/৫ জন মুখোশধারী ব্যক্তি একটি প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক জনাব মো. রাকিব আলী-কে গাড়িতে তুলে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। ঐ ব্যক্তি সাথে সাথে ঘটনার খবর রাকিবের পরিবারের কাছে পৌঁছে দেন।

জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনকারীদের হত্যা-নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিক বক্তব্য দেওয়ার কারণে আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর শিকারের লক্ষ্যবস্তু হন তিনি। এতে করে আওয়ামীলীগ-এর এমপি মুহিবুর রহমান মানিকের সহযোগীদের কাছ থেকে তিনি ও তাঁর পরিবার বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হওয়ার হুমকি পেয়েছিলেন বলে রাকিবের পরিবারের কাছ থেকে জানা যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাকিবের পরিবার বারবার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জিডি করার চেষ্টা করলে পুলিশ কোনো প্রকারের সহায়তা করেনি। পুলিশের রহস্যময় আচরণের কারণে এই নিখোঁজের ঘটনা আরো জটিল হয়ে উঠেছে।

রাকিবের মতো একজন সাহসী নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। তাঁর পরিবার ও এলাকাবাসী নিখোঁজ রাকিবের সন্ধানের জন্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও আন্তরিক সহযোগিতা কামনা করছেন।